দেশকে অস্থিতিশীল করতে নানা অপচেষ্টায় লিপ্ত ‘পতিত দোসররা’: রিজভী
ছবিঃ সংগৃহীত
একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ‘পতিত দোসররা’ নানা রকম অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভীর ভাষ্য, এই ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে তিনি সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের এক কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটি হয়।
তারেক রহমানের সরকারকে জনগণের সরকার উল্লেখ করে রিজভী বলেন, কোনো রকম নৈরাজ্য কিংবা অপরাধ প্রধানমন্ত্রীর প্রশ্রয় পাবে না।
পুলিশের ভ্যান থেকে সম্প্রতি এক শীর্ষ সন্ত্রাসীর পালানোর ঘটনা টেনে তিনি জানতে চান, একজন শীর্ষ সন্ত্রাসী পুলিশের ভ্যান থেকে পালায় কী করে? তিনি বলেন, এতে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
রিজভী বলেন, আগেভাগে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু যাতে বাসা বাঁধতে না পারে, সে জন্য বাসার আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করতে জনগণকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে টাকার বিনিময়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হতো; এখন তা বিনা মূল্যে করে দেওয়া হয়েছে।