‘নিজ আঙিনা পরিষ্কার রাখি’—ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডে ক্লিনিং ডে
ছবিঃ সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫০ নম্বর ওয়ার্ডে শনিবার (১৯ সেপ্টেম্বর) পালিত হয়েছে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি। নগর পরিচ্ছন্নতার কাজে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’।
যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে এবং একতা ট্রেডার্সের সৌজন্যে পরিষ্কার করা হয় পশ্চিম যাত্রাবাড়ীর কাঁচাবাজার থেকে ধোলাইপাড় মোড় পর্যন্ত সড়কটির দুই পাশ। নিজ নিজ বাসাবাড়ির আঙিনা এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এ সময় নাগরিকদের উদ্বুদ্ধ করা হয়। সেই সঙ্গে আহ্বান জানানো হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে।
কর্মসূচিতে ছিল বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক শোভাযাত্রা এবং লিফলেট বিতরণ। যাত্রাবাড়ী থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন।
তারিকুল ইসলাম তারেকের কথায়, ‘পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগর গড়ার দায়িত্ব আমাদের সবার। প্রত্যেকে যদি নিজের আঙিনা পরিষ্কার রাখি এবং এডিস মশার লার্ভা জন্মাতে পারে এমন জায়গায় পানি জমতে না দিই, তাহলে এই মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে।’