
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের লড়াই: বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান
ছবিঃ সংগৃহীত
দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের আন্তর্জাতিক আসর এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লাল-সবুজের মাটিতে। এর মধ্য দিয়ে নতুন ও গৌরবের এক অধ্যায়ে পা রাখছে দেশের ক্রীড়াঙ্গন। প্রতিভা আর সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরে আরও একবার অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের ভেন্যু এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম, যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে খেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। মর্যাদাপূর্ণ এই ছয় দিনের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশকে লড়তে হবে ক্রিকেটের পরাশক্তি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
পুরো আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি); টুর্নামেন্টটি হচ্ছে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্তিতে। আসরকে সফল করতে আয়োজকেরা এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। আন্তর্জাতিক মানের এ আয়োজনের ফলে দেশের ক্রীড়া অবকাঠামোর মুকুটে যোগ হলো নতুন এক ফলক।
বড় পরিসরের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি), যা দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর একটি। প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য উন্নত সুযোগ তৈরি এবং তাঁদের অদম্য প্রতিভাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসরটির এক্সক্লুসিভ গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত হয়েছে টি স্পোর্টস, যা দেশের জনপ্রিয় এবং একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল।
আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়াই আয়োজকদের একমাত্র লক্ষ্য নয়। খেলাধুলার সর্বজনীন শক্তিকে কাজে লাগিয়ে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা পৌঁছে দেওয়াও তাঁদের মূল উদ্দেশ্য।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মতো বিশ্বমানের ভেন্যুতে দেশের মাটিতে এই এশিয়া কাপের আয়োজন দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের ইতিহাসে মাইলফলক হিসেবেই বিবেচিত হবে। সংশ্লিষ্ট সবাই আশা করছেন, এই টুর্নামেন্ট এশিয়ার দেশগুলোর পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া-ঐক্যকে আরও মজবুত করবে।
