
‘তিনি কখনো ফিরে আসবেন না’, হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ছবিঃ সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আজ সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, ‘তিনি (শেখ হাসিনা) কখনো ফিরে আসবেন না। ফিরে আসার জন্য তার যে আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন।’
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের ওই রায়ে মামলার আসামি থেকে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশের পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
প্রেক্ষাপট
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০২৫ সালের ২৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রায়ের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়; এর আগে ২০২৪ সালের ডিসেম্বরেও এমন চিঠি পাঠানো হয়েছিল।
যুগান্তরের ১৬ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত; ভারতের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, শেখ হাসিনা নিজে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ২৩ নভেম্বর ২০২৫; যুগান্তর, ১৬ আগস্ট ২০২৬
