
ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ব্যাগের ভেতর এক দিনের কন্যাশিশুর মরদেহ
ছবিঃ সংগৃহীত
এক দিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে একটি ব্যাগের ভেতরে মরদেহটি পাওয়া যায়।
শাহবাগ থানার এসআই আব্দুল হালিম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে ফ্লাইওভারের নিচে ব্যাগের মধ্যে নবজাতকের মরদেহটি পাওয়া গেলে পুলিশ তা উদ্ধার করে।
এসআই হালিমের ভাষ্য, আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পরে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন বা সৎকারের জন্য বিষয়টি ফরেনসিক বিভাগকে জানানো হবে।
