ছবিঃ সংগৃহীত
রয়্যালটি ও কপিরাইট সুরক্ষায় নতুন সম্ভাবনা
প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটিতে জায়গা করে নিলেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। এক্সিকিউটিভ কমিটির কোন পদে তিনি থাকবেন, তা জানা যাবে ২৯ অক্টোবর।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংগীত নির্মাতাদের কণ্ঠস্বর, কপিরাইট এবং নৈতিক ও অর্থনৈতিক অধিকার নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারক পর্যায়ে তাঁদের স্বার্থরক্ষায় ২০১৬ সাল থেকে কাজ করছে এপিএমএ। সংগঠনটির কমিটিতে জায়গা পাওয়ায় বাংলাদেশে সংগীতশিল্পীদের রয়্যালটি ও অধিকার নিয়ে কথা বলা আরও সহজ হবে বলে মনে করেন হামিন আহমেদ।
এপিএমএর বর্তমান নির্বাহী কমিটিতে বাংলাদেশের পাশাপাশি রয়েছেন অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিরা। হামিন আহমেদ জানান, সংগীতশিল্পীদের স্বত্ব, সঠিক পারিশ্রমিক না পাওয়া এবং ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোর বিপুল আয়ের বিপরীতে ক্রিয়েটরদের আয়ের বৈষম্য—এসব সংকট নিরসনে কাজ করে এপিএমএ; নতুন অঞ্চলে স্বত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতেও সংগঠনটি ভূমিকা রাখছে।
নিজের প্রতিক্রিয়া জানিয়ে আজকের পত্রিকাকে হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংগীতাঙ্গনে আমার ভূমিকা বিবেচনা করে এপিএমএ থেকে বলা হয়েছে এক্সিকিউটিভ কমিটির ইলেকশনে অংশ নিতে। ইলেকশনে অংশ নিয়ে আমি নির্বাচিত হয়েছি। ১১ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এই কমিটিতে নির্বাচিত হলো। ২৯ অক্টোবর জানা যাবে আমি কোন পদে দায়িত্ব পালন করব। ২০টির বেশি দেশের প্রতিনিধিরা বর্তমানে এই প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছেন। এই ফোরামে বাংলাদেশের সংগীতাঙ্গনের কণ্ঠ ও দাবি যেন জোরালোভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এপিএমএতে যুক্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস) এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্বেও রয়েছেন হামিন আহমেদ।
এক নজরে
এপিএমএ কোনো স্বতন্ত্র সংগঠন নয়; এটি গড়ে উঠেছে আন্তর্জাতিক সংগীতস্রষ্টাদের পরিষদ সিআইএএম-এর আঞ্চলিক কাঠামো হিসেবে। সিআইএএম-এর ওয়েবসাইটে প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৬-এর বিবরণ অনুযায়ী, সিআইএসএসি ও চায়না আইপি ল অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং এর উদ্দেশ্য বিশ্বজুড়ে সংগীতস্রষ্টাদের পক্ষে সিআইএএম-এর নীতিনির্ধারণী তৎপরতার ভিত্তি মজবুত করা।
একই বিবরণ অনুযায়ী, যাত্রার সময় সংগঠনটির চেয়ার নির্বাচিত হয়েছিলেন জাপানের শুনিচি টোকুরা এবং ভাইস চেয়ার অস্ট্রেলিয়ার ব্রেন্ডন গ্যালাহার।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: সিআইএএম, ২৮ নভেম্বর ২০১৬