কিয়ামতে প্রথম হিসাব নামাজের: কোরআন-হাদিসে নামাজের গুরুত্ব
ছবিঃ সংগৃহীত
রবের সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়ে গভীর প্রকাশ নামাজ; মুমিনের জীবনে এটি অন্যতম প্রধান ইবাদত। নামাজের প্রতি যত্ন ইমান ও আল্লাহর প্রতি আনুগত্যেরই প্রতিফলন। এর অপরিসীম গুরুত্ব নিয়ে পবিত্র কোরআন ও হাদিসে যেমন সুস্পষ্ট নির্দেশনা আছে, তেমনি আছে গভীর সতর্কবার্তাও।
সব সময় যথাযথভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা নামাজের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং (বিশেষভাবে) মধ্যবর্তী নামাজের প্রতি। আর আল্লাহর সামনে আদবের সঙ্গে অনুগত হয়ে দাঁড়াও।’ (সুরা বাকারা: ২৩৮)
মুমিনের ইমান ও সফলতার পরিচয়
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা ইমান আনে, সৎকর্ম করে, নামাজ কায়েম করে এবং জাকাত দেয়, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান। তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখও পাবে না।’ (সুরা বাকারা: ২৭৭)
আরেক আয়াতে বলা হয়েছে, ‘যারা নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে (আল্লাহর পথে) ব্যয় করে, এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক।’ (সুরা আনফাল: ৩-৪)
আখিরাতে প্রথম হিসাব হবে নামাজের
কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব শুরু হবে এই নামাজ দিয়েই, আর এর ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে অন্য আমলের বিচার। আবু হুরায়রা (রা.) বলেন—আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম। আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে সে হবে বিফল ও ক্ষতিগ্রস্ত।’ (জামে তিরমিজি: ৪১৩)
নামাজে অবহেলার পরিণতি
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, তার জন্য নামাজ কিয়ামতের দিন নুর ও দলিলরূপে আত্মপ্রকাশ করবে। আর যে ব্যক্তি তা সঠিকভাবে পালন করবে না, কিয়ামতের দিন তার পক্ষে কোনো নুর থাকবে না, দলিলও থাকবে না আর সেদিন তার নাজাতের কোনো উপায় থাকবে না। সেদিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালাফের সঙ্গে থাকবে।’ (মুসনাদ আহমাদ: ৬৫৭৬)