ছবিঃ সংগৃহীত
অনেক দিন ধরে নাটক বানিয়ে আসা সৈয়দ শাকিল এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে নামছেন। এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন তিনি। প্রথম সিনেমার নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। গত মঙ্গলবার রাতে রাজের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সিনেমাটির ঘোষণা দেন এই নির্মাতা।
নায়কের নাম জানালেও সিনেমার নাম কিংবা অন্য শিল্পীদের নাম এখনই প্রকাশ করতে চাইলেন না শাকিল। আজকের পত্রিকাকে তিনি জানান, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তখনই জানানো হবে সিনেমার নাম, পরিচয় করিয়ে দেওয়া হবে নায়িকাকেও।
গল্পের বিস্তারিত এখনো খোলেননি সৈয়দ শাকিল। শুধু বললেন, বড় পর্দায় তিনি এমন গল্প দেখাতে চান, যা পরিবারের সবাই মিলে উপভোগ করা যাবে। তাঁর কথায়, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’
সৈয়দ শাকিল আরও বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দিন দিন আমাদের দেশের হলের সংখ্যা কমে আসছে। এখন সিনেমা হয়ে গেছে সিনেপ্লেক্স-নির্ভর। সম্প্রতি সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দর্শক বাড়ছে। এই বিষয়টি সিনেমা নির্মাণে সাহস জোগাচ্ছে। এ ছাড়া বাইরের দেশে আমাদের সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে। আমার সিনেমাটিও বিদেশের হলে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিভিন্ন উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কথা বলেছি। মোট কথা সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সব রকমের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিকে আমার কালচারাল ট্যুরিজমের পার্ট হিসেবে উপস্থাপন করতে চাই।’
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা জানান, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুটিং শুরু করে একটানা কাজ করে দৃশ্যধারণ শেষ করতে চান তিনি। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে বলেও জানান সৈয়দ শাকিল।
অন্যদিকে আগামী বছরের কোরবানির ঈদেই শরিফুল রাজের ‘কানাভুলা প্যারাডক্স’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করবেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। হরর-রোমান্টিক গল্পের এই ছবিতে রাজের বিপরীতে থাকবেন সাবিলা নূর। কানাভুলা প্যারাডক্সের শুটিং আগামী বছরের শুরুর দিকে শুরু হওয়ার কথা।
প্রেক্ষাপট
দ্য ডেইলি স্টার বাংলার ১৯ ফেব্রুয়ারি ২০২৪-এর প্রতিবেদন অনুযায়ী, সৈয়দ শাকিল পরিচালিত ‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, সঙ্গে তানজিম সাইয়ারা তটিনী ও ইন্তেখাব দিনার। নির্মাতার দাবি ছিল, তাঁর জানামতে প্রশাসন ক্যাডারের চরিত্র নিয়ে দেশে এটিই প্রথম কাজ।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ১৯ ফেব্রুয়ারি ২০২৪