
চাকরির মেয়াদ পেরোনোয় বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
ছবিঃ সংগৃহীত
চাকরির নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তাতে সই করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন।
আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। আর অবসর কার্যকর হবে ২০২৭ সালের ১ জুন থেকে।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার শাহরিয়ার চৌধুরী ও স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকার প্রথম দুজন ছিলেন বর্ধিত মেয়াদি কমিশনে। চাকরির মেয়াদ পেরিয়ে যাওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ মেনে তাদের অবসর দেওয়া হয়েছে।
বাকি তিনজন স্বল্পমেয়াদি কমিশনের কর্মকর্তা। তাদের চাকরির সময়সীমাও শেষ। এ ক্ষেত্রে প্রয়োগ হয়েছে বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) ও বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিধি মেনে অবসরসংক্রান্ত সব সুযোগ-সুবিধা পাবেন এই পাঁচ কর্মকর্তা।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
