ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা চলছে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে, যা পিমস হাসপাতাল নামে পরিচিত। কর্তৃপক্ষ দাবি করছে, ১০ ও ১১ নভেম্বরের মাঝের রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাঁকে সেখানে নেওয়া হয়েছিল।
পিমস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, একজন চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় চোখের পরীক্ষাসহ ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। সাধারণ শারীরিক পরীক্ষাতেও কিছু অস্বাভাবিক পাওয়া যায়নি।
হাসপাতাল আরও জানিয়েছে, রোগীর সম্মতি নিয়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা ও যথাযথ চিকিৎসা প্রোটোকল মেনে চক্ষু বিশেষজ্ঞদের একটি দল তাঁর চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেয়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, রেটিনা ও দৃষ্টিশক্তি-সংক্রান্ত কিছু রোগের চিকিৎসায় সাধারণত এই ইনজেকশন ব্যবহার করা হয়।
রোগ নির্ণয়ের বিস্তারিত বিবৃতিতে নেই। তবে এর আগেও একাধিকবার ইমরান খানকে এ ইনজেকশন দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী, রাত আড়াইটার দিকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তী পরিচর্যা ও ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয় তখন।
পিমসের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল ইমরান খানকে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে আবার তাঁকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়।
সরকারের দিক থেকে এই সর্বশেষ তথ্য আসার পর তাঁর স্বাস্থ্য ও চিকিৎসা সুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির বিবৃতিতে বলা হয়, "কোনো মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিক দরকষাকষির উপায় হিসেবে ব্যবহার করা যায় না এবং কোনো সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসাকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ রাখা যায় না।"
ইমরান খানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনি দল যেন তাঁর কাছে 'তাৎক্ষণিক ও বাধাহীন' প্রবেশাধিকার পায়—এই দাবি আবারও তুলেছে পিটিআই।
পাকিস্তান সরকার অবশ্য একাধিকবার দাবি করেছে, ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, তাঁর চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি।
ইমরান খানের চোখে দেওয়া 'ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ' ইনজেকশনটি আসলে কী, আর রোগীকে তা কীভাবে দেওয়া হয়—এ প্রতিবেদনে সেটাই জানার চেষ্টা করা হয়েছে।
সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন কী?
সরকার ও ইমরান খানের আইনজীবীরা বলছেন, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের কারণেই তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ক্ষতি হয়েছে।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এনএইচএসের ওয়েবসাইটে বলা হয়েছে, বয়স্কদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটি সাধারণ কারণ রেটিনাল ভেইন অক্লুশন, অর্থাৎ চোখের পর্দার শিরায় বাধা তৈরি হওয়া। এতে সেখানে রক্ত জমাট বেঁধে রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে।
চোখের কালো অংশ বা পিউপিলের পেছনে যে সূক্ষ্ম স্তর থাকে, তার নাম রেটিনা। পুরোনো ক্যামেরার ফিল্মের মতো কাজ করে এটি।
এখানকার শিরায় বাধা পড়লে রক্ত বা অন্য তরল রেটিনায় চুইয়ে পড়তে পারে। তাতে ক্ষত হতে পারে, ফোলাভাব দেখা দিতে পারে কিংবা অক্সিজেনের ঘাটতি তৈরি হতে পারে।
এর ফলে চোখের আলো গ্রহণকারী কোষগুলোর কাজ ব্যাহত হয়। দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে পড়ে।
এনএইচএস বলছে, ৬০ বছরের কম বয়সীদের মধ্যে রোগটি তুলনামূলক কম দেখা যায়।
রেটিনাল ভেইন অক্লুশনের দুটি ধরন আছে। এর একটি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, যেখানে বাধা তৈরি হয় প্রধান শিরায়। এনএইচএসের তথ্য অনুযায়ী, এ অবস্থায় দৃষ্টিশক্তি বেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস বিবিসি উর্দুকে বলেছেন, এ রোগ একেকজনের ক্ষেত্রে একেকভাবে প্রকাশ পেতে পারে। উপসর্গ ও প্রভাব কেমন হবে, তা নির্ভর করে রোগীর দৃষ্টিশক্তির অবস্থার ওপর।
তিনি জানান, রক্তনালি বন্ধ হয়ে গেলে অনেক রোগীর রেটিনার নানা জায়গায় রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়।
কখনো কখনো এ পর্যায়ে দৃষ্টিশক্তির এত ক্ষতি হয় যে রোগী আলো পর্যন্ত দেখতে পান না। আবার কারও কারও দৃষ্টি তুলনামূলক ভালো থাকে।
ডা. হিরার ব্যাখ্যা, রোগটি প্রথমবার ধরা পড়ার সময় দৃষ্টিশক্তি যত বেশি ক্ষতিগ্রস্ত থাকে, পরে তা ফিরে পাওয়ার সম্ভাবনা সাধারণত তত কম।
ইনজেকশনভিত্তিক চিকিৎসা
এ রোগের চিকিৎসায় ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন ব্যবহৃত হয়। এনএইচএসের ব্যাখ্যা অনুযায়ী, চোখের ভেতরের ভিট্রিয়াস নামের জেলির মতো পদার্থে এই ইনজেকশন দেওয়া হয়। এ পদ্ধতিতে ওষুধ সরাসরি দরকারি জায়গায় পৌঁছে দেওয়া যায়।
রেটিনার কোষ ভিইজিএফ নামে একটি প্রোটিন তৈরি করে। এনএইচএস বলছে, ইনজেকশনটি ওই প্রোটিনের কাজে বাধা দেয়। ফলে চোখের ভেতরের স্তরগুলোতে অস্বাভাবিক রক্তনালি গজানো এবং সেগুলো থেকে তরল বেরোনো সীমিত হয়।
দৃষ্টিশক্তি যাতে আরও খারাপ না হয়, সেটি ঠেকাতে সহায়তা করাই এ চিকিৎসার লক্ষ্য। ডা. হিরা জানান, এ রোগে রোগীর চোখে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন আছে।
তাঁর কথায়, "বিশেষ করে অ্যান্টি-ভিইজিএফ ওষুধের বিভিন্ন ধরন পাওয়া যায়। কিছু রোগীকে মাসিক ভিত্তিতে এ ইনজেকশন নিতে হয় এবং প্রতি মাসে পরীক্ষা করা হয়, যাতে দেখা যায় আরও ইনজেকশনের প্রয়োজন আছে কি না।"
"এ জন্য বিভিন্ন পরীক্ষা করা হয়, যার মধ্যে ওসিটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে রেটিনার পুরুত্ব এবং চোখে জমা হওয়া তরল বা ফোলাভাবের মাত্রা মূল্যায়ন করা হয়।
যদি ইনজেকশনের ফলে স্পষ্ট উন্নতি দেখা যায়, কিন্তু ফোলাভাব এখনো থাকে এবং আরও চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে রোগীকে আবার এ ইনজেকশন দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী তা মাসিক ভিত্তিতে পুনরাবৃত্তি করা হয়।"
তিনি আরও বলেন, "কিছু ইনজেকশনের ফলাফল আমরা ৬০ দিন পর মূল্যায়ন করি, আবার কিছু ইনজেকশনের ক্ষেত্রে রোগীকে মাসিক ফলোআপে রাখা হয়।"
"এ ইনজেকশনগুলোর দুটি বড় উপকারিতা রয়েছে। প্রথমত, এগুলো চোখে জমে থাকা তরল বা পানি কমায়, ফলে রেটিনার ফোলাভাব কমে। দ্বিতীয়ত, এগুলো ইস্কেমিয়ার কারণে হওয়া জটিলতা প্রতিরোধে সহায়তা করে।"
রক্তনালি বন্ধ হয়ে রক্ত সরবরাহ ব্যাহত হওয়াকে বলে ইস্কেমিয়া। রক্ত কম পৌঁছালে রেটিনায় অক্সিজেনও কম যায়।
অক্সিজেনের ঘাটতি দেখা দিলে নিজের কাজ চালিয়ে যেতে রেটিনা নতুন রক্তনালি তৈরির চেষ্টা করে।
ডা. হিরার মতে, এভাবে নতুন রক্তনালি তৈরি হওয়া ভালো কিছু নয়। এগুলো সাধারণত খুব দুর্বল হয়, যেকোনো সময় রক্তক্ষরণ হতে পারে।
রেটিনায় টান সৃষ্টি করেও এগুলো আরও সমস্যা ডেকে আনতে পারে।
তিনি বলেন, এ কারণেই চোখে ইনজেকশন দেওয়া হয়—একদিকে অস্বাভাবিক নতুন রক্তনালির বৃদ্ধি ঠেকাতে, অন্যদিকে রেটিনার ফোলাভাব কমাতে।
দৃষ্টিশক্তি রক্ষা ও উন্নতির জন্য এই দুই সমস্যা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোগীকে এ ইনজেকশন কীভাবে দেওয়া হয়?
এনএইচএস জানাচ্ছে, অ্যান্টি-ভিইজিএফ ওষুধ দেওয়া হয় ভিট্রিয়াসে, মানে চোখের ভেতরের জেলির মতো পদার্থে, ইনজেকশনের মাধ্যমে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য বলছে, পুরো চিকিৎসা প্রক্রিয়া শেষ হতে সময় লাগে প্রায় ১৫ মিনিট।
এনএইচএসের ভাষ্যে, "ইনজেকশন দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এবং এতে সাধারণত খুব কম ব্যথা হয়।"
প্রক্রিয়ার বর্ণনায় এনএইচএস বলেছে, রোগীকে আরামদায়ক আধাশোয়া অবস্থায় বসানো বা শোয়ানোর পর চোখ অবশ করতে কয়েক ফোঁটা ড্রপ দেওয়া হয়। তারপর চোখের চারপাশ পরিষ্কার করা হয়। স্পেকুলাম নামের ছোট একটি যন্ত্র দিয়ে চোখ খোলা রাখা হয়, যাতে রোগীকে চোখের পাতা ফেলা নিয়ে ভাবতে না হয়।
এরপর সূক্ষ্ম সুচ দিয়ে চোখের আক্রান্ত জায়গায় ওষুধ ইনজেক্ট করা হয়, শেষে চোখে দেওয়া হয় কিছু লুব্রিকেটিং ড্রপ।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটি আরও জানায়, এ প্রক্রিয়ার পর বেশির ভাগ মানুষ সাধারণত এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন। তবে চোখের অভ্যন্তরীণ চাপ (আই প্রেশার) পরীক্ষার জন্য কাউকে কাউকে অপেক্ষা করতে বলা হতে পারে।
ডা. হিরা বলছেন, চোখে ইনজেকশন দেওয়ার এ প্রক্রিয়া কখনো কখনো একটি সাধারণ চিকিৎসা পদ্ধতিও হতে পারে।
সে ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় না; ক্লিনিক বা চিকিৎসকের চেম্বারেই কাজটা সেরে ফেলা যায়।
তাঁর ভাষায়, "বিদেশে পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশের উচ্চমানের কারণে কিছু স্থানে চোখে ইনজেকশন দেওয়ার কাজ ক্লিনিকেই সম্পন্ন করা যায়। রোগীকে শুইয়ে চোখ অবশ করার ড্রপ দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, তারপর প্রায় এক ঘণ্টার জন্য চোখে ব্যান্ডেজ বেঁধে রাখা হয়। পরে সেই ব্যান্ডেজ খুলে ফেলা হয়।"
পাকিস্তানে অবশ্য এ কাজ সাধারণত মাইনর ওটি বা অপারেশন থিয়েটারে রোগীকে নিয়ে গিয়ে করা হয় বলে জানান ডা. হিরা।
সূত্র: বিবিসি
প্রেক্ষাপট
পাকিস্তানের দৈনিক দ্য নিউজের ৩১ জানুয়ারি ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, পিমস তখন জানিয়েছিল, ৭৪ বছর বয়সী ইমরান খান সম্প্রতি ডান চোখে কম দেখার অভিযোগ করেছিলেন। আদিয়ালা কারাগারে চক্ষু পরীক্ষার পর তাঁর ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন ধরা পড়ে এবং হাসপাতালে ফলোআপ চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।
বিজনেস রেকর্ডারের ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি তাঁকে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রোগটির কারণে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এক নজরে
এক্সপ্রেস ট্রিবিউনের ৩০ জানুয়ারি ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী এবং ১৯ কোটি পাউন্ডের একটি দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।
সূত্র
প্রেক্ষাপট সূত্র: দ্য নিউজ, ৩১ জানুয়ারি ২০২৬; বিজনেস রেকর্ডার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬; এক্সপ্রেস ট্রিবিউন, ৩০ জানুয়ারি ২০২৬

