
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থীর শাস্তি, দায়িত্বে অবহেলায় ব্যবস্থা ২ শিক্ষকের বিরুদ্ধে
ছবিঃ সংগৃহীত
পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় এসব ঘটনা ঘটে; শাস্তি দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী। পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার কারণে দুজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে শৃঙ্খলা কমিটির ৫৬তম সভা বসে। সেখানেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা নিতে বাউবি কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
কমিটির সদস্য হিসেবে সভায় ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনরা, অ্যাডভোকেট মো. কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্যসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
