
পায়ের ছাপ ধরে মিলল চুরি যাওয়া গরু, গৌরনদীতে ‘চক্রের হোতার’ ঘরে আগুন, আটক ৩
ছবিঃ সংগৃহীত
বরিশালের গৌরনদীতে সংঘবদ্ধ গরু চোর চক্রের মূলহোতা সন্দেহে এক ব্যক্তির বসতঘর ও গোয়ালঘরে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই ব্যক্তি ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার সকালের, উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে। আটক তিনজন হলেন শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫), তার শ্যালকের ছেলে সাকিল হোসেন এবং বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার নয়ন শিকদার।
স্থানীয় বাসিন্দা আদম আলী সিকদার জানান, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় বুধবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি পাহারা দেন। এরপর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে দেখেন, তার গরুটি নেই। বৃষ্টি হওয়ায় গরুর পায়ের ছাপ ছিল স্পষ্ট; সেই ছাপ ধরে এগিয়ে আজিজ মীরার গোয়ালঘরে চুরি যাওয়া গরুটি খুঁজে পান তিনি। এলাকাবাসী তখন আজিজ মীরাকে ঘিরে ধরেন, খবর দেওয়া হয় পুলিশে।
আদম আলী আরও জানান, পুলিশের সামনেই আজিজ মীরার গোয়ালঘরের পেছন থেকে একই গ্রামের নাসির খানের চুরি হওয়া গরুর রশি ও চামড়া উদ্ধার হয়। ক্ষুব্ধ লোকজন তখন আজিজ মীরাকে মারধর করেন। পরে তার সহযোগী সন্দেহে শ্যালকের ছেলে সাকিল ও নয়নকেও আটক করা হয়।
স্থানীয়রা বলছেন, বিক্ষুব্ধ জনতা আটক তিনজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা বাধে। পরে গৌরনদী মডেল থানা, বরিশাল লাইন ও আগরপুর তদন্ত কেন্দ্র থেকে বাড়তি পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে। এরপর সকাল ১০টার দিকে আজিজ মীরার বসতঘর ও গোয়ালঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। স্থানীয়দের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আজিজ মীরা সংঘবদ্ধ গরু চোর চক্রের হোতা। বিভিন্ন জায়গা থেকে চুরি করা গরু তার গোয়ালঘরে এনে জবাই করা হতো, তারপর বিক্রি করা হতো গৌরনদীসহ আশপাশের বাজারে। গোয়ালঘরের পেছনের একটি গর্ত থেকে গরুর চামড়াও উদ্ধার হয়েছে।
ওসি জানান, আটক তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
