বিয়ে নিয়ে তাগিদ নেই, মা হওয়ার পথও ভেবে রেখেছেন রাইমা সেন
ছবিঃ সংগৃহীত
এখনো বিয়ে করেননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন, যদিও কিছুদিন পরই তিনি ৪৭ বছরে পা দিচ্ছেন। এর পেছনে কি বিয়ে নিয়ে ভয়, নাকি মনের মানুষ খুঁজে না পাওয়ার আক্ষেপ? সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অকপটে কথা বলেছেন তিনি।
পছন্দের হলিউড তারকা টম ক্রুজকে পাননি বলেই কি বিয়ে করা হয়নি—এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন রাইমা; জানান, এ নিয়ে তার বোনও মজা করে থাকেন। রাইমার ভাষ্য, কলকাতায় সে রকম কেউ নেই, আবার শহরের বাইরেও তার খুব একটা যাওয়া হয় না। সত্যি বলতে, এই বয়সে পৌঁছে বিয়ে করার তাগিদও তিনি বোধ করেন না; বরং কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার ব্যাপারেও দুশ্চিন্তা হয় তার।
মেয়ের বিয়ে নিয়ে মায়ের দুশ্চিন্তা প্রসঙ্গে রাইমা বলেন, মা একসময় এসব নিয়ে ভাবতেন। তবে দেশ-দুনিয়ার এখনকার অবস্থা দেখে তিনি উল্টো বিয়ে করতেই মানা করেন। মায়ের পরামর্শ হলো, জোর করে যেন কিছু না করেন; পরে একাকিত্ব পেয়ে বসলে যেন কয়েকটি বাচ্চা দত্তক নেন।
কোনো দিন মা হওয়ার ইচ্ছা জাগলে কী করবেন, সেই পথও আগেভাগে ভেবে রেখেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, বাচ্চাদের প্রতি তার ভালোবাসা প্রবল, কিন্তু সব দিক সামলে উঠতে পারবেন কি না, সে ভয়ও তার মধ্যে কাজ করে। মনের কথা আগাম বলা যায় না—আজ ইচ্ছা নেই, কিন্তু কাল হতেও পারে। এ কথা মাথায় রেখেই তিনি অনেক আগে ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছেন। কেবল মা হওয়ার জন্য বিয়ে করার দরকার নেই—এ বিষয়ে রাইমার মত স্পষ্ট।
এদিকে রাইমা অভিনীত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ এখন মুক্তির অপেক্ষায়। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এ ছবির নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী; অন্য চরিত্রগুলোতে অভিনয়ে আছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য ও অর্ণ মুখার্জি। সব ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ অক্টোবর।