‘যুদ্ধের লক্ষ্য পারমাণবিক অস্ত্র নয়, সম্পদ দখল’— আমেরিকানদের উদ্দেশে ইরানের চিঠি
ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দেওয়া হয়েছে কয়েক ডজন পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠিতে, যা মার্কিন নাগরিকদের উদ্দেশে পাঠিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। জানানো হয়েছে, প্রকৃত তথ্য সাধারণ আমেরিকানদের কাছে পৌঁছে দেওয়াই এ চিঠির মূল উদ্দেশ্য।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার কোনো অভিপ্রায় তাদের নেই। তার ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধ প্রকৃতপক্ষে পারমাণবিক অস্ত্রকে ঘিরে নয়; কেননা ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না, তা ওয়াশিংটনেরও জানা। তাদের আসল লক্ষ্য বরং ইরানের সম্পদ লুট, দেশটিকে ভেঙে ফেলা ও নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি উপনিবেশ গড়ে তোলা।
দীর্ঘ এই চিঠি পুরোটা পড়ে বুঝে উঠতে কিছুটা সময় লাগবে বলে তেহরান থেকে জানান সাংবাদিক মোহাম্মদ ভাল। তবে চিঠির মধ্য দিয়ে যে আমেরিকানদের সরাসরি একটি বার্তা দেওয়া হয়েছে, এটুকু স্পষ্ট।
অনেক আমেরিকান নাগরিকই পুরোপুরি জানেন না মার্কিন সরকার ও সেনাবাহিনী কী কী কাজ করছে—চিঠিতে এমনটাই বলা হয়েছে। হোসেইন মোহেব্বির মতে, মার্কিন সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে ব্যর্থ হয়েছে এবং এ অঞ্চল থেকে তাদের চলে যাওয়া উচিত। তিনি বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও এমন পরিস্থিতিতে নষ্ট হচ্ছে।
আমেরিকান ও ইরানি জনগণ যাতে সরাসরি আলোচনা করতে পারে, সে জন্য একটি প্ল্যাটফর্ম বা পরিবেশ গড়ে তোলার আহ্বান রয়েছে চিঠির শেষ অংশে।