রাশিয়ার বাইরে রোসাটমের কেন্দ্রে প্রথমবার ওআইএসএস রূপপুরে, দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সম্পন্ন
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’ রাশিয়ার বাইরে যেসব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে, সেগুলোর মধ্যে প্রথমবারের মতো ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে রূপপুরে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) বসানোর কাজ সফলভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রোসাটমের মিডিয়া উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আধুনিক এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রটি নিরাপদ ও দক্ষভাবে পরিচালনায় এবং জরুরি পরিস্থিতিতে অপারেটরদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহকৃত এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় রয়েছে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি। এগুলোর সাহায্যে চুল্লির স্থিতিশীলতাসহ কেন্দ্রের নানা প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে, যা কেন্দ্রটির পরিচালন কার্যক্রমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেবে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস), যা বিদ্যুৎ ইউনিটের ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির সহায়তায় তৈরি করেছে আরএএসইউ। প্রথম ইউনিটে এরই মধ্যে এটি সংযুক্ত হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে। দ্বিতীয় ইউনিটেও পর্যায়ক্রমে একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে যেকোনো সম্ভাব্য বিচ্যুতি আগেভাগেই শনাক্ত করতে পারে ওআইএসএস। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় জানাতে এতে রয়েছে ৮০টিরও বেশি দিকনির্দেশিকা। জটিল তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপন করায় অপারেটরদের দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে এটি সহায়তা করবে।
প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেবল রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার বৃহত্তম প্রকল্প নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণপ্রযুক্তি ব্যবহারেও এটি অগ্রণী দৃষ্টান্ত। বিদেশে রোসাটমের নির্মিত কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম ওআইএসএস যুক্ত করা হলো। তিনি আরও জানান, এই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় এবং পরিচালন ব্যয় দুটোই কমাবে।
প্রসঙ্গত, পাবনার রূপপুরে জেনারেশন ৩+ (থ্রি প্লাস) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লি নিয়ে গড়ে উঠছে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রোসাটমের প্রকৌশল শাখা ‘অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।