জয়পুরহাটে ভারতে পাচারের আগে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চারজন আটক
ছবিঃ সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জেলার আক্কেলপুরে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে, যার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। মূর্তিটি তখন ভারতে পাচারের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় আটক করা হয়েছে মূর্তি পাচারকারী চক্রের ৪ সদস্যকে।
বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের সূত্র ধরে আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় বিজিবি ও এসআরবির একটি যৌথ টহলদল। অভিযানকালে কষ্টিপাথরের মূর্তিসহ হাতেনাতে আটক করা হয় মুকুল চন্দ্র ও কামাল হোসেনকে।
তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে পরে যৌথ বাহিনী হামিদুর রহমান ও জাকির হোসেন নামে চক্রের আরও দুই সদস্যকে আটক করে। তারা মূর্তি পাচারকারী দলের সক্রিয় সদস্য—প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছে তারা।
৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির বাজারমূল্য আনুমানিক ৭২ লাখ ৯০ হাজার টাকা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।
পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উদ্ধার হওয়া মূর্তি এবং আটক ব্যক্তিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাসসকে জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।