ছবিঃ সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সোমবার আহ্বান জানিয়েছেন, যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা যেন বহাল রাখা হয়। সদস্য দেশগুলো যখন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে, তার মধ্যেই এ আহ্বান এল।
নিউইয়র্কে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে কাজা কালাস সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে আমাদের পদক্ষেপের অন্যতম মূল ভিত্তিই হলো নিষেধাজ্ঞা।’ এর মাধ্যমে মস্কোর অর্থের জোগান বন্ধ রাখার চেষ্টা চলছে।
বার্তা সংস্থা এএফপি জাতিসংঘ থেকে এ খবর জানিয়েছে।
কালাস বলেন, লক্ষ্য হলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি নিয়ে চলা আলোচনা দ্রুত শেষ করা; এর পরপরই দ্রুত মেয়াদ বাড়ানো হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে তাঁর মন্তব্য, ‘আমাদের এই স্থিতিশীলতা দরকার।’ তাই নিষেধাজ্ঞাগুলো আরও দীর্ঘ সময় বহাল রাখতে হবে।
রাশিয়ার বিষয়ে ইইউর অবস্থানে কোনো বদল ঘটেনি—জোর দিয়ে এ কথা বলেন কালাস। তাঁর ভাষ্য, ‘এ কারণেই আমরা নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়েও কাজ করছি।’
কয়েকটি সদস্য দেশ ইইউর কালো তালিকা থেকে কয়েকজন ব্যক্তির নাম বাদ দেওয়ার দাবি তোলায় এ নিয়ে আলোচনা অবশ্য এখনো চলমান।