একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ
ছবিঃ সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শুক্রবার (২ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে। এই তিন বিষয়ের সিলেবাস এল একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহের বেশি সময় পরে।
একাদশ শ্রেণির ক্লাস এবার শুরু হয় গত ২৪ সেপ্টেম্বর। কিন্তু বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস না আসায় কলেজগুলো এসব বিষয়ে পুরোদমে পাঠদান শুরু করতে পারছিল না। এখন সিলেবাস প্রকাশিত হওয়ায় আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই বিষয়গুলোর নিয়মিত পাঠদান পুরোদমে শুরু হবে।
শিক্ষার্থীরা এনসিটিবি নির্ধারিত বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ্যবই ইতোমধ্যে হাতে পেয়েছে। সিলেবাসও এবার প্রকাশিত হওয়ায় কোন বিষয়বস্তু কীভাবে পড়ানো হবে, তা ধরে শিক্ষকরা পাঠদান চালিয়ে নিতে পারবেন।
এনসিটিবির ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত সিলেবাস দেখা যাবে।