বৃষ্টি থামাতে পারেনি আইসিসিবির কার বাজার
ছবিঃ সংগৃহীত
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে প্রতি শুক্রবার বসা সুপার সেল কার বাজারের ষষ্ঠ পর্বেও বিপুল মানুষের সমাগম ঘটেছে। রাজধানীতে টানা বৃষ্টি চললেও গাড়ি কেনাবেচার এই আয়োজন বন্ধ থাকেনি; ক্রেতা ও বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজারটি জমে উঠেছে। ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে আয়োজনের সময়ও।
নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত—তিন ধরনের গাড়িই এখানে এক জায়গায় কেনাবেচা করতে পারছেন ক্রেতা-বিক্রেতারা। উইজার্ড শোবিজ ও আইসিসিবি যৌথভাবে এ বাজারের আয়োজন করেছে। আগের পাঁচ সপ্তাহের সাফল্যের ধারা বজায় রেখে ষষ্ঠ সপ্তাহেও গাড়িপ্রেমীদের উপস্থিতিতে গোটা আয়োজন প্রাণচঞ্চল হয়ে ওঠে।
গতকাল সারা দিন বৃষ্টি ঝরলেও আইসিসিবির এক্সপো ভিলেজের ভেতরের চিত্র ছিল কর্মব্যস্ত। কারও মনোযোগ ছিল পছন্দের গাড়ি দেখায়, কেউ দরদাম করছিলেন বিক্রেতার সঙ্গে; গাড়ি কিনতে ব্যাংকঋণের কী সুবিধা আছে, তা জেনে নিতেও ব্যস্ত দেখা যায় কাউকে কাউকে। বৈরী আবহাওয়ার তোয়াক্কা না করে দেশের নানা জায়গা থেকে নিজেদের গাড়ি নিয়ে হাজির হন বিক্রেতারা। উল্লেখ করার মতো সাড়া মিলেছে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতেও।
গাড়ির পাশাপাশি মোটরসাইকেল কেনাবেচার সুযোগও রয়েছে সুপার সেল কার বাজারে। এখানে ক্রেতারা পছন্দমতো বাহন বেছে নিতে পারছেন। অন্যদিকে নিজের ব্যবহৃত গাড়ি বা মোটরসাইকেল কোনো দালালের মধ্যস্থতা ছাড়াই বিক্রি করতে পারছেন বিক্রেতারা।
আয়োজকরা বলছেন, প্রচলিত নিয়মে গাড়ি দেখতে হলে ক্রেতাদের নানা শোরুমে ঘুরতে হয়, তাতে সময় ও শ্রম দুই-ই খরচ হয়। সুপার সেল কার বাজারে সেই ভোগান্তি অনেকখানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি এখানে এক ছাদের নিচেই দেখা যাচ্ছে। এতে এক জায়গায় বসেই প্রায় ৫০টি শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা হচ্ছে ক্রেতাদের।
তাঁরা আরও জানান, এক্সপো ভিলেজের পরিবেশ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় রোদ বা বৃষ্টি—কোনোটিই গাড়ি দেখা কিংবা কেনাবেচায় বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এ আয়োজনের অন্যতম লক্ষ্য হলো ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা এবং সেই সঙ্গে দালালমুক্ত লেনদেনের সুযোগ সৃষ্টি করা।
বাংলাদেশ প্রতিদিনকে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, ‘আমাদের “সুপার সেল কার বাজার”-এর ষষ্ঠ পর্ব চলছে, যা বিগত প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছে। সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হলেও আইসিসিবির এক্সপো ভিলেজে এক ছাদের নিচে চমৎকার পরিবেশ থাকায় বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো নেতিবাচক প্রভাব কার বাজারে পড়েনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও বিক্রেতা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন।’
মেহেদী হাসান মোল্লা আরও জানান, ঢাকায় সন্ধ্যার দিকে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় আয়োজনের সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা। এখন প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুপার সেল কার বাজার চলছে।