কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: প্রায় ৬ লাখ টাকার মালামাল, ট্রাক-পিকআপসহ গ্রেপ্তার ২
ছবিঃ সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল এবং ডাকাতিতে ব্যবহার করা একটি ট্রাক ও একটি পিকআপ।
বুধবার বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ে সুবাহান এন্টারপ্রাইজ নামের ইলেকট্রিক সামগ্রীর দোকানটিতে ডাকাতি হয়। ৫/৬ জনের একটি দল দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকে। এরপর নগদ টাকার পাশাপাশি বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় তারা। দোকানমালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
মালামাল উদ্ধার ও জড়িতদের ধরতে ২৭ অক্টোবর রাতে নিজের নেতৃত্বে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযানে যায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকার আলতাব হোসেনের ছেলে মো. রমজান (৪০) এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়াকে (৪৫)।
অভিযানেই ডাকাতিতে ব্যবহৃত ট্রাক ও পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার হয়। গ্রেপ্তার দুজনকে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন