‘জামায়াত আমির কার্যত গণহত্যার পক্ষেই দাঁড়িয়েছেন’—রাশেদ খান
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, গণহত্যার মদদদাতা মেজর আক্তারুজ্জামানকে বীর আখ্যা দিয়ে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।
এ মন্তব্য তিনি করেন রবিবার সকালে, নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে। ওই পোস্টেই রাশেদ খান বলেন, জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি কি গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দেননি? আজকে যিনি মেজর আক্তারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন। আমার ধারণা, ৭১-এর গণহত্যার সহযোগী হওয়ার কারণে ২৪-এর গণহত্যা জামায়াতের কাছে একটি ঠুনকো বিষয়! যার একটি উদাহরণ, মেজর আক্তারুজ্জামানের জন্য জামায়াতের আমির ও তাদের নেতাকর্মীদের মায়াকান্না।
বিএনপির এ নেতার ভাষ্য, মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২৪-এর গণহত্যার মদদদাতা হিসেবেও মামলা হওয়া উচিত। এ ধরনের মামলা কেউ করলে সেটিকে কীভাবে মোকাবিলা করবে জামায়াত? নাকি জামায়াতে যোগদান করার কারণে মেজর আক্তারুজ্জামানের সকল অপরাধ মাফ হয়ে গেছে? সত্যি কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারখানায় পরিণত হতে চায়?’