গাড়ি ডাম্পিং ৫৭৭, রেকার ৪৩০; ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে মামলা ২৯১৫
ছবিঃ সংগৃহীত
ট্রাফিক আইন ভাঙার দায়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৯১৫টি মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
নগরীর নানা স্থানে রবিবার (১১ অক্টোবর) চালানো অভিযানে মামলাগুলো দেওয়া হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ সোমবার যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায়, ট্রাফিক-রমনা বিভাগে মামলা হয়েছে মোট ১২০টি; এর মধ্যে বাস ৫টি, কাভার্ডভ্যান ৫টি, সিএনজি ১৭টি ও মোটরসাইকেল ২৩টি।
ট্রাফিক-লালবাগ বিভাগে মোট মামলার সংখ্যা ১৭৬টি, যার মধ্যে রয়েছে বাস ১৬টি, ট্রাক ৫টি, সিএনজি ১৩টি ও মোটরসাইকেল ১০১টি। ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৪১৪টি মামলার মধ্যে বাস ২১টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ১৯টি, সিএনজি ৫৮টি ও মোটরসাইকেল ২৩৬টি। ট্রাফিক-ওয়ারী বিভাগে মামলা হয়েছে মোট ৪৩২টি; এর মধ্যে বাস ২৭টি, ট্রাক ৪০টি, কাভার্ডভ্যান ২৪টি, সিএনজি ৬২টি ও মোটরসাইকেল ১৫৯টি।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৬০টি মামলা হয়েছে, যার মধ্যে বাস ১২টি, ট্রাক ৩টি, কাভার্ডভ্যান ৪টি, সিএনজি ২০টি ও মোটরসাইকেল ৭৭টি। ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩৪৪টি মামলার মধ্যে রয়েছে বাস ১৩টি, ট্রাক ২৫টি, কাভার্ড ভ্যান ৩৪টি, সিএনজি ৪২টি ও মোটরসাইকেল ১৪৬টি।
ট্রাফিক-উত্তরা বিভাগে মোট মামলা ৩৯৬টি; এর মধ্যে বাস ২৫টি, ট্রাক ৬টি, কাভার্ডভ্যান ১৬টি, সিএনজি ৫২টি ও মোটরসাইকেল ১৬৯টি। ট্রাফিক-গুলশান বিভাগে মামলার সংখ্যা মোট ৮৭৩টি; এর মধ্যে বাস ১০০টি, ট্রাক ১৬টি, কাভার্ডভ্যান ৪৫টি, সিএনজি ৯৯টি ও মোটরসাইকেল ২৬৯টি। অভিযান চলাকালে এর বাইরে ৫৭৭টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৪৩০টি গাড়ি রেকার দিয়ে সরানো হয়।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ধরে রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান চলতে থাকবে।