জুমার খুতবা ও পাড়া-মহল্লায় মাইকিংয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে বললেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজের খুতবায় এ বিষয়ে বক্তব্য দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সামনের কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ সময়। রোগটির বিস্তার ঠেকাতে এ সময়ে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী। সে জন্য তিনি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করে সচেতনতা তৈরি এবং জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে কী করণীয়, সে বিষয়ে বক্তব্য দেওয়ার নির্দেশনা দেন।
এ ছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।