শিবগঞ্জে ২৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড
ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৭ বস্তা সার জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।
দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স কয়লারদিয়াড় গ্রামের মাহিরুল ইসলামের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, কীটনাশক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে সার বিক্রি করছিলেন পারভেজ প্রিন্স। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ২৭ বস্তা সার মজুত রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় এবং অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুত করা সারগুলোও জব্দ করা হয়েছে।
আগামী শনিবার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে জব্দ করা সার কৃষকদের কাছে বিক্রি করা হবে বলেও জানান তিনি।