
বহিরাগত ঠেকাতে ফটকসহ চার দাবি, অধ্যক্ষকে স্মারকলিপি দিলেন বিএম কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত
ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং নিরাপত্তার জন্য বহিরাগতদের প্রবেশ বন্ধ করাসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) অশ্বিনীকুমার ছাত্রাবাসের শিক্ষার্থীরা। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাত্রাবাসের অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে স্মারকলিপিটি দেন।
সম্প্রতি ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, ছাত্রাবাসের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা আর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁদের চার দফা দাবি হলো—ছাত্রাবাসে যাতায়াত সহজ করা ও জলাবদ্ধতা দূর করতে সড়কের কাজ দ্রুত শেষ করা, বহিরাগতদের ঠেকাতে ছাত্রাবাসে ফটক নির্মাণ, বার্ষিক শিক্ষাসফরের আয়োজন এবং খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা।
অশ্বিনীকুমার ছাত্রাবাসের এ ব্লকের আবাসিক শিক্ষার্থী আকবর মুবিন বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষে পড়েন। তিনি বলেন, অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিল করে অধ্যক্ষের কাছে গিয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ফটক নির্মাণসহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এর মধ্যেই তিন থেকে চারবার ছাত্রাবাসে বিশৃঙ্খলা করেছে বহিরাগতরা।
আকবর মুবিনের ভাষ্য, সবশেষ ২৯ অক্টোবর রাতে ছাত্রাবাসে একটি সভা চলার সময় বহিরাগতরা বিশৃঙ্খলা করে। তখন সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে উত্তেজনা ছড়ানো হয়। সড়কের কাজ কেন বন্ধ, তা-ও জানতে চেয়েছেন শিক্ষার্থীরা; দ্রুত কাজ শেষ করার দাবিও তুলেছেন। তিনি জানান, সড়কের কাজ বন্ধ করে দেওয়াকে ঘিরেই ২৬ ও ২৯ অক্টোবর ছাত্রাবাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, রোববার অশ্বিনীকুমার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এসে স্মারকলিপি দিয়েছেন এবং তাঁদের নানা সমস্যার কথা জানিয়েছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে অধ্যক্ষ জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের তাগাদা দেওয়া হচ্ছে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে যানবাহন ঢোকা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তুলে ২৬ অক্টোবর সন্ধ্যায় অশ্বিনীকুমার ছাত্রাবাসের সড়ক নির্মাণকাজ বন্ধ করে দেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। এ নিয়ে দুই দফায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা মুখোমুখি অবস্থান নেন, উত্তেজনাও ছড়ায়। ২৯ অক্টোবর বিষয়টি নিয়ে ‘বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
