
র্যালি, পুরস্কার আর যুব ঋণের চেকে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস উদ্যাপন
ছবিঃ সংগৃহীত
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
দিবসটি ঘিরে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি যুব ঋণের চেকও হস্তান্তর করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে শেষ হয় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে, যেখানে আলোচনা সভা হয়।
সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন সভাপতিত্ব করেন। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে তাদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে যুবসমাজকে দেশ গঠনের কাজে যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হতে সহায়তা করছে বলে মন্তব্য করেন তাঁরা।
সভা শেষে সফল আত্মকর্মী সেদরাতুল ইসলামকে ১ লাখ ৫ হাজার টাকা এবং ইতি আক্তারকে ১ লাখ টাকার যুব ঋণের চেক দেওয়া হয়। মোট আড়াই লাখ টাকার চেক হস্তান্তরের পাশাপাশি ১১ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
