
‘এটি ভালো ধারণা’: নিকি মিনাজকে প্রেস সেক্রেটারি করার প্রস্তাবে ট্রাম্প
ছবিঃ সংগৃহীত
র্যাপার নিকি মিনাজকে হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি করার ধারণাটিতে আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড এ খবর দিয়েছে।
‘দ্য বেনি শো’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে উপস্থাপক বেনি জনসন প্রেস সেক্রেটারি হিসেবে নিকি মিনাজের সম্ভাবনার প্রসঙ্গ তোলেন। উত্তরে ট্রাম্প বলেন, ‘এটি ভালো ধারণা। বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে।’ বেনি জনসন নিজেও প্রেস সেক্রেটারি পদের জন্য ভালো প্রার্থী হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, এর আগে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে চড়ে একটি মধ্যবর্তী নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন নিকি মিনাজ। এরপর কয়েকজন কর্মকর্তা তাঁকে প্রেস সেক্রেটারি করার প্রস্তাব দেন। গত সপ্তাহান্তে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমার মনে হয় আমরা হয়তো হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারিকে খুঁজে পেয়েছি।’
পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন ট্রাম্পের উপদেষ্টা অ্যালেক্স ব্রুসেউইৎজও। তিনি লেখেন, ‘হেই বার্বজ, এই ধারণা সম্পর্কে আপনাদের কী মত?’ নিকি মিনাজের ভক্তরা ‘বার্বজ’ নামে পরিচিত।
প্রেস সেক্রেটারি প্রসঙ্গে এ মন্তব্যের আগে নিকি মিনাজের শারীরিক সৌন্দর্যেরও প্রকাশ্যে প্রশংসা করেছিলেন ট্রাম্প। মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি নিকি মিনাজের নিতম্বের প্রশংসা করেন। ট্রাম্প তখন বলেন, ‘প্রসঙ্গত, এর আগে আমি অসাধারণ সুন্দর একটি নিতম্ব দেখেছি। সেটি নিকি মিনাজের। চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। দাঁড়ান তো! সত্যিই, চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়।’
২০২৬ সালের আলোচিত সম্ভাব্য ঘটনার তালিকায় নিকি মিনাজের ট্রাম্প প্রশাসনে যোগ দিয়ে হোয়াইট হাউসে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে এমনটা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
