
শাখা, কল সেন্টার আর ডিজিটাল চ্যানেল এক সুতোয়: দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং চালু করল ব্র্যাক ব্যাংক
ছবিঃ সংগৃহীত
দেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা চালু করেছে ব্র্যাক ব্যাংক। গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক সেবার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগে ব্যাংকের প্রথাগত (শাখা/উপশাখা) ও ডিজিটাল সেবার চ্যানেলগুলো একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
এতে গ্রাহকেরা এখন আরও নিরবচ্ছিন্ন, ধারাবাহিক ও পারসোনালাইজড ব্যাংকিং সেবা পাবেন। কখন, কোথায় ও কীভাবে ব্যাংকিং করবেন—সে বিষয়ে পুরো স্বাধীনতা থাকবে গ্রাহকের হাতে।
আজ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীযুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
নতুন সেবা প্রসঙ্গে মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা ও মানুষকেন্দ্রিক সেবাকে একই সুতোয় গেঁথেছে। বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আচরণের সাথে বৈশ্বিক ব্যাংকিংয়ের আধুনিক রীতিনীতির সমন্বয় ঘটিয়ে ব্র্যাক ব্যাংক সেবার মান, সহজলভ্যতা ও গ্রাহক স্বাধীনতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন, সব সেবার কেন্দ্রে গ্রাহককে রাখা এবং ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন, এ উদ্যোগ তারই প্রতিফলন।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে আছে গ্রাহকদের আরও ভালোভাবে বোঝা এবং তাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার সুবিধার মধ্যে।’
তাঁর ভাষ্য, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স আর ব্যক্তিকেন্দ্রিক সহায়তা মিলিয়ে নির্দিষ্ট কোনো চ্যানেলে আটকে না থেকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী একটি সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। লক্ষ্য হলো ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের ভিত আরও মজবুত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন মডেলে ব্যাংকের শাখা, কল সেন্টার ও ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় আনা হয়েছে। কোনো একটি চ্যানেলে ব্যাংকিংয়ের কাজ শুরু করে গ্রাহক ঝামেলা ছাড়াই অন্য যেকোনো চ্যানেলে তা চালিয়ে যেতে বা শেষ করতে পারবেন।
উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের কৌশলগত পরিবর্তনেরও প্রতিফলন। সাধারণ ট্রানজ্যাকশন-ভিত্তিক ব্যাংকিং থেকে বেরিয়ে রিলেশনশিপ-ভিত্তিক ব্যাংকিংয়ে জোর দিচ্ছে ব্যাংকটি। আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স ও ব্যাংক প্রতিনিধির সহায়তায় গ্রাহকের প্রয়োজন আরও ভালোভাবে বুঝে সেবা দেওয়াই এর মূল লক্ষ্য।
সব চ্যানেলে গ্রাহক তথ্য ও সেবা প্রক্রিয়া যুক্ত করে ব্যাংকিংকে আরও গ্রাহককেন্দ্রিক, সহজলভ্য ও ব্যক্তিচাহিদা উপযোগী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যাক ব্যাংক।
নতুন ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হলো, যেকোনো মাধ্যমে গ্রাহকের তথ্য ও আগের যোগাযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এতে সেবাদানকারী কর্মকর্তারা গ্রাহকের আগের কার্যক্রম জেনে আরও নিখুঁত ও দ্রুত সেবা দিতে পারবেন।
গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো, সেবাদানের প্রক্রিয়া উন্নত করা, নতুন গ্রাহক তৈরিতে সহায়তা আর গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়াই এই ওমনিচ্যানেল কৌশলের মূল উদ্দেশ্য।
সুশাসন, আর্থিক অন্তর্ভুক্তি ও সেবার শ্রেষ্ঠত্ব বজায় রেখে ব্যাংকিংকে আরও সহজ ও প্রাসঙ্গিক করতে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
