ককপিটের ঘটনার জেরে ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে ফ্লাইদুবাই। সংস্থাটির একটি উড়োজাহাজের ককপিটে পাইলটদের মধ্যে সংঘাতের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হলো। এমন সময়ে সিদ্ধান্তটি এল, যখন ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সৌদি আরব।
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি গত বুধবার দুবাই থেকে তেল আবিব যাচ্ছিল, তাতে যাত্রী ছিলেন ১৭৪ জন। ককপিটে সংঘাতের পর সেটি জরুরি অবতরণ করে সৌদি আরবের তাবুকে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ককপিটে একটি ‘বিবাদ’ হয়েছিল; এরপর ক্রুরা বিমানটির নিয়ন্ত্রণ নিরাপদে নিয়ে সেটিকে অবতরণ করান।
বিমানের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার—দুজনই এ ঘটনায় আহত হন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি ঘটনার এক দিন পর দাবি করে, ইরানের ওপর দায় চাপিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে টেনে আনার একটি কথিত ‘ফলস ফ্ল্যাগ’ পরিকল্পনার অংশ হতে পারে এ ঘটনা। সংবাদমাধ্যমটির আরও দাবি, সংযুক্ত আরব আমিরাতে গোপন সফরে গিয়ে কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের সঙ্গে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু; এ ক্ষেত্রে অজ্ঞাত এক আঞ্চলিক সূত্রের বরাত দিয়েছে তারা।
প্রেস টিভি অবশ্য এসব দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করেনি। তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি ইসরায়েল, ইউএই ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও। ঘটনার প্রকৃত কারণ কী, তা নির্ধারণে এখন অপেক্ষা সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টারের তদন্তের।