নওরীন, সামিনা ও নাহিদাকে সচিব পদমর্যাদা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবিঃ সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনের নেতৃত্বে থাকা তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় উন্নীত করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় সোমবার (১২ অক্টোবর)।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। এর মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের, আর নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের দায়িত্বে আছেন সামিনা নাজ। এর আগে ভিয়েতনাম ও মিশরে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের হেগ, দিল্লি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।
গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে নাহিদা রহমান সুমনা চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন।
আর বর্তমানে ব্রুনাই দারুস সালামে হাইকমিশনারের দায়িত্ব পালন করা নওরীন আহসান এর আগে প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।