নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৬৮
ছবিঃ সংগৃহীত
নোয়াখালী জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চলে। আটক ব্যক্তিদের মধ্যে ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছাড়া হয়েছে, ছয়জনকে গ্রেফতার করা হয়েছে ৩৪ ধারায়, আর দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে আগের মামলায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে, যাতে স্বাক্ষর করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, অপরাধে কিশোরদের জড়িয়ে পড়া বন্ধ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর আগে বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের দেওয়া হিসাবে, সুধারাম মডেল থানায় আটক ১১ জনের মধ্যে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে নিয়মিত মামলায়; বাকি নয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছাড়া হয়েছে। আটকের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে কোম্পানীগঞ্জ থানার ২১ জন, বেগমগঞ্জ মডেল থানার পাঁচজন, চরজব্বর থানার ছয়জন, চাটখিল থানার আটজন এবং কবিরহাট থানার ছয়জনকেও। অন্যদিকে সোনাইমুড়ী থানায় ১১ জন আটক হন; তাঁদের ছয়জনকে ৩৪ ধারায় গ্রেফতার করা হয়েছে, বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে তুলে দেওয়া হয়েছে পরিবারের জিম্মায়।
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে অভিযান নিয়মিত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার। তিনি জানান, কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান থাকবে, যেখানে যুক্ত করা হবে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষকে।