মহেশপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় বেপরোয়া একটি ট্রাক চাপা দিলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রিওন হোসেন (২২)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা বন্ধু নাফিজ।
মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে ছিলেন নিহত রিওন হোসেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, রিওন মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে গিয়েছিলেন মোবাইল ফোন কিনতে। কেনাকাটা সেরে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালী এলাকায় পৌঁছানোর পর দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রিওন।
গুরুতর আহত নাফিজকে পরে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা এবং চালককে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।