যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনের সমঝোতায় ফিরতে আগ্রহী ইরান: পেজেশকিয়ান
ছবিঃ সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, তেহরান তাতে ফিরতে চায়। অথচ ওয়াশিংটনের চাপের কাছে ইরান মাথা নত করবে না—এ কথা তিনি বলেছিলেন কয়েক দিন আগেই।
বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়েছে।
চীন ওই সমঝোতা পুনরুজ্জীবিত করার পক্ষে অবস্থান নিয়েছে; এ জন্য তাকে স্বাগত জানিয়েছেন পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবারের এক পোস্টে তিনি লেখেন, ‘ইরানও এই অবস্থানকে সমর্থন করে এবং ওই সমঝোতায় ফেরার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।’
মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরু ফেব্রুয়ারির শেষ দিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক হামলার মধ্য দিয়ে। সেই যুদ্ধ থামাতে কয়েক মাস ধরে কূটনৈতিক তৎপরতা চললেও এসব প্রচেষ্টায় এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আসেনি।
গত জুনে হওয়া সমঝোতাটির লক্ষ্য ছিল পূর্ণাঙ্গ একটি শান্তিচুক্তির পথ খুলে দেওয়া। তবে সইয়ের পরপরই সেটি ভেস্তে যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আবার আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে আশা তৈরি হয়েছিল। তবে বুধবার জাতিসংঘে কড়া বক্তব্য দেন পেজেশকিয়ান; তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।
তার এক দিন পর ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে জানান, ইরান ‘এই যুদ্ধ চালিয়ে যেতে চায় না’।
তবে তিনি মন্তব্য করেন, যুদ্ধ থামাতে উদ্যোগী হতে হবে যুক্তরাষ্ট্রকেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে। সেই আলোচনা থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি।