শিশুদের ওপর দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে দিনব্যাপী নীতি সংলাপ
ছবিঃ সংগৃহীত
দিনব্যাপী একটি নীতি সংলাপ (পলিসি ডায়ালগ) অনুষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য গাজীপুর নগরীকে দূষণমুক্ত রাখা এবং শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশদূষণ কী ক্ষতিকর প্রভাব ফেলছে, তা চিহ্নিত করা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরোনো মিলনায়তনে সংলাপটি যৌথভাবে আয়োজন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিওর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী আরবান প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মানস বিশ্বাস।
উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, বায়ুদূষণ ঠেকাতে হলে পর্যাপ্ত গাছ লাগাতেই হবে, এর বিকল্প কিছু নেই। পরিবেশ সুরক্ষায় জাতীয়ভাবে নেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচিকে একটি যুগান্তকারী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।
নির্মল ও নিরাপদ নগরী গড়ে তোলার জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করতে গাকৃবি অঙ্গীকারবদ্ধ—এ কথাও বলেন তিনি।
নীতি সংলাপের সমাপ্তি ঘটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিওর সমাপনী বক্তব্য দিয়ে।