সকালে মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার উপকারিতা জেনে নিন
ছবিঃ সংগৃহীত
মধু, লেবু ও হালকা গরম পানি— সকালে এই পানীয় পান করেন অনেকেই। মনে করা হয়, হজমে সাহায্য করা এবং শরীরকে সতেজ রাখার ক্ষেত্রে এটি উপকারী। পুষ্টিবিদেরা অবশ্য মনে করেন, মধু-লেবুর মিশ্রণের চেয়ে মধু ও হলুদের মিশ্রণ বহু গুণ বেশি কার্যকর। হলুদ কাঁচা হোক কিংবা গুঁড়ো, মধুর সঙ্গে মেশালে তার কার্যক্ষমতাও বেড়ে যায়। প্রদাহ কমাতে সহায়ক গুণ ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ— দুটোই আছে মধু ও হলুদ উভয়ের মধ্যে। মধুর সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কী কী উপকার মেলে, চলুন তা জেনে নিই-
রোগ প্রতিরোধে সহায়ক
শরীরের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে মধু-হলুদের মিশ্রণের অ্যান্টিঅক্সিডেন্ট। এর কারণ, উপাদান দু’টির প্রতিটিতেই আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। শরীরে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়তে এ মিশ্রণ সাহায্য করে, আর তা অক্সিডেটিভ স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখে।
হজমে সহায়ক
হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়ক হতে পারে মধুর সঙ্গে হলুদ খাওয়া। তবে যাদের নিয়মিত বদহজম কিংবা পেটের সমস্যা হয়, তাদের কেবল ঘরোয়া টোটকায় ভরসা না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
ত্বকের সুস্থতা অনেকটাই নির্ভর করে খাবার, ঘুম ও পর্যাপ্ত পানি পানের ওপর। হলুদ ও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের সুস্থতার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও ধরে রাখতে সহায়ক।
কীভাবে খাবেন
খাওয়া যেতে পারে এভাবে— এক গ্লাস হালকা গরম পানিতে এক চা-চামচ মধু ও এক চিমটি হলুদ মিশিয়ে নিয়ে। মধু অবশ্য বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। রক্তে শর্করার সমস্যা আছে যাদের, নিয়মিত মধু খাওয়ার আগে বিশেষ করে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভালো।
সূত্র : আনন্দবাজার, বাংলাদেশ প্রতিদিন