সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনায় নীতিগত সায়
ছবিঃ সংগৃহীত
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয় সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় প্রস্তাব দুটি তোলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, গতকাল মঙ্গলবার রাতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্লাটফর্মে সভাটি হয়।
প্রথম প্রস্তাবটি চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহ নেওয়ার; ‘সরকারি ক্রয় আইন, ২০০৬’-এর ৬৮ ধারা এবং ‘সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫’-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এটি প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
দ্বিতীয় প্রস্তাবে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই’র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণের কথা বলা হয়েছে।