সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে রাজধানীতে ‘আগামী ফেস্ট-২০২৬’
ছবিঃ সংগৃহীত
‘আগামী ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের লক্ষ্য।
‘সব শিশুর জন্য শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয় আজ, রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে (আইএবি সেন্টার)।
শিশুরা প্রাণবন্তভাবে অংশ নেয় উৎসবের পুঁথিপাঠ, নাচ, চিত্র প্রদর্শনী, সায়েন্স ও ম্যাথ ফেয়ার এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায়। তাদের উৎসাহ জোগাতে উপস্থিত হয়েছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন ও নজরুলসংগীতশিল্পী রেবেকা সুলতানার মতো গুণীজনেরা।
আগামী বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেয়, যা সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
শিশুরা বিজ্ঞান ও গণিত মেলায় তাদের মেধা ও সৃজনশীলতা মেলে ধরে। বিজ্ঞানভিত্তিক ১৪টি প্রকল্প সায়েন্স ও ম্যাথ ফেয়ারে উপস্থাপন করে শিক্ষার্থীরা। প্রকল্প ও শিল্পকর্মগুলো মূল্যায়ন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা বিশেষজ্ঞরা; পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।
আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক নেহরীন মাজেদ এবং ইনকর্পোরেটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আমিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. বজলুর রশীদ খান (চিত্রশিল্পী রশীদ আমিন) এবং স্থপতি ও শিশুতোষ ম্যাগাজিন ‘টইটম্বুর’-এর সহপ্রতিষ্ঠাতা হাসনাইন সাবিহ নায়েক।
এরপর ‘আগামী’ ম্যাগাজিনের প্রকাশনার উদ্বোধন হয় উৎসবে।