রাবির শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস, সেরা সাতে না থেকেও আবেদনের সুযোগ
ছবিঃ সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৪৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগ নীতিমালায় ডেমো ক্লাস সংযোজিত হয়েছে। সেই সঙ্গে মাস্টার্সের মেধাক্রমে প্রথম সাতের মধ্যে না থাকলেও শিক্ষক পদে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। উপ-উপাচার্য ড. আব্দুল আলিম শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরোনো নীতিমালাই বলবৎ রয়েছে, তাতে কেবল ডেমো ক্লাস যোগ হয়েছে। এর বাইরে, কোনো প্রার্থী অনার্সে প্রথম হয়ে থাকলে মাস্টার্সের মেধাক্রমে ১ থেকে ৭-এর মধ্যে না থেকেও তিনি আবেদনের সুযোগ পাবেন। অবশ্য অনার্স ও মাস্টার্স উভয় পর্যায়েই সিজিপিএ ৩.৫ থাকতেই হবে।
শিক্ষক নিয়োগ নীতিমালায় এর আগে পরিবর্তন আনা হয়েছিল ২০২২ সালে। সে সময় শর্ত দেওয়া হয়, শিক্ষক হতে চাইলে প্রার্থীর অনার্স ও মাস্টার্সে সিজিপিএ হতে হবে ন্যূনতম ৩.৫, আর মেধাক্রমে থাকতে হবে ১ থেকে ৭-এর মধ্যে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে সমষ্টিগত জিপিএ বিজ্ঞান বিভাগের প্রার্থীদের জন্য ন্যূনতম ৯ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের জন্য ন্যূনতম ৮ দশমিক ৫ থাকা বাধ্যতামূলক ছিল।
শর্তের মধ্যে আরও ছিল, যেকোনো একটি পরীক্ষায় জিপিএ ৪ থাকার পাশাপাশি থিসিস ও গবেষণা প্রকাশনা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সিন্ডিকেট সূত্র জানিয়েছে, নীতিমালায় ডেমো ক্লাস যোগ করার উদ্দেশ্য দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া। প্রার্থীকে চূড়ান্ত পর্যায়ে বোর্ড প্যানেলের সামনে নির্দিষ্ট বিষয়ের ওপর একটি ডেমো ক্লাস নিতে হবে; সেখানে শিক্ষার্থীর ভূমিকায় থাকবেন বোর্ডের শিক্ষকেরাই। তারপর চূড়ান্ত যাচাই শেষ করে নির্বাচিত করা হবে একজনকে। যারা অনার্সে প্রথম হয়েছেন, তাদের বেলায় মাস্টার্সে ১ থেকে ৭-এর মধ্যে থাকার শর্তটি কিছুটা শিথিল হয়েছে, আর এই সুযোগ কেবল প্রথম স্থান অধিকারীদের জন্যই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, প্রার্থীর একাডেমিক ফলাফল, প্রকাশনা ও ডিগ্রির সঙ্গে নতুন নীতিমালায় ডেমনস্ট্রেশনকেও গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা ভালো শিক্ষার্থী হলেই কেউ ভালো শিক্ষক হয়ে যান না। শিক্ষার্থীদের সহজ করে বোঝাতে পারা, উপস্থাপনায় দক্ষতা আর ক্লাসের পরিবেশ বুঝতে পারাও জরুরি। সার্বিকভাবে যোগ্য ও দক্ষ জনবল বেছে নেওয়া যাতে সহজ হয়, সে জন্যই এটি সংযোজন করা হয়েছে।