আনিসুল হকের ভ্রাতৃবধূর ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫ কোটি টাকা জব্দের নির্দেশ আদালতের
ছবিঃ সংগৃহীত
ডাচ-বাংলা ব্যাংক পিএলসির বনানী শাখায় জেবুন্নেসা বেগম হকের নামে রক্ষিত ৪ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা অবরুদ্ধ করতে আদালত নির্দেশ দিয়েছেন। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির মঙ্গলবার এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে।
দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হক সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার সম্পদ অর্জন করেন ও দখলে রাখেন, যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সেই সঙ্গে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্দেহজনক লেনদেন হওয়ায় মামলা হয় তার বিরুদ্ধে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে একজন তদন্তকারী কর্মকর্তাও নিয়োগ পেয়েছেন।
তদন্তে বেরিয়ে এসেছে, মোট ১৭২ কোটি ২৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এজাহারভুক্ত আসামি আনিসুল হক—নিজের নামে এবং তদন্তে যুক্ত হওয়া আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে। এ ছাড়া আসামিদের ২৩টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে; এসব হিসাবে জমা হয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা, উত্তোলন করা হয়েছে ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা।
আসামি যে অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমা রাখা অর্থ উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন, তা-ও জানতে পেরেছেন তদন্ত-সংশ্লিষ্টরা। আবেদনে উল্লেখ করা হয়, এ কারণে জেবুন্নেসা বেগম হকের নামীয় ব্যাংক হিসাবটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে অবরুদ্ধ করা দরকার। এ-ও জানানো হয়, হিসাবটি জব্দ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা যাবে না।