তরুণদের মাদক থেকে দূরে রাখতে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ গড়ার পরিকল্পনা: ত্রাণমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, পরিকল্পনাটির লক্ষ্য তিনটি: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা।
আজ শনিবার লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের যে স্থবিরতা, তা কাটিয়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রীর ভাষ্য, খেলার মাঠের অভাবে দীর্ঘদিন ধরে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আবারও শুরু হবে প্রধানমন্ত্রীর উদ্যোগে, আর এ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার পরিকল্পনাও আছে। তিনি আরও বলেন, এখনো যেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেখানে স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা বাস্তবায়ন করতে হলে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন দেশের খেলোয়াড়েরা।
ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।