
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্র্যাবের নেতৃত্বে ইয়াহিয়া মির্জা ও নজরুল ইসলাম
ছবিঃ সংগৃহীত
পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। তখন সেখানে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্য বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা।
বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে প্র্যাব। সংগঠনটি সাধারণত চলে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে, যা গঠিত হয় দুই বছর পরপর। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা কমিটির নানা পদে দায়িত্ব পালন করেন।
মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে প্র্যাবের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা যোগ দেন।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
