বাটলারের ফিফটিতে তৃতীয়বার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
ছবিঃ সংগৃহীত
শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড ক্রিকেট দল, যা এই সংস্করণে তৃতীয়বারের ঘটনা।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গতরাতে ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর আগে প্রথম দুই ম্যাচে ইংলিশদের জয় ছিল যথাক্রমে ১১৯ রান ও ৬ উইকেটের। ফলে হ্যারি ব্রুকের দল তিন ম্যাচের সিরিজটি নিজেদের করে নিল ৩-০ ব্যবধানে।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানের আগের জয়গুলো এসেছিল ২০২১ সালে এবং চলতি বছরের জানুয়ারিতে।
ম্যানচেস্টারে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ১৪ ওভারে ৪ উইকেটে ১০৭ রান তুলে দলটি ভালো অবস্থানেই ছিল। কিন্তু এরপর মাত্র ১৭ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট পড়ে গেলে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় তারা।
শ্রীলঙ্কার ইনিংসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৬ রান, কামিন্দু মেন্ডিস করেন ২৮ বলে ৩৫ আর অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১৬। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে দলীয় ২২ রানে। ওপেনার আনাইরিন ডোনাল্ড আউট হন ৬ বলে ১৩ রান করে।
এরপর আরেক ওপেনার জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৮৫ রানের জুটি গড়েন, যা ইংল্যান্ডের জয়ের পথ সহজ করে দেয়। ব্রুক থামেন ২১ বলে ৩৩ রান করে।
অন্য প্রান্তে বাটলার মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টিতে নিজের ৩০তম; এর মধ্য দিয়ে দলের জয়ও নিশ্চিত করেন তিনি। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ১৫তম জয় পেল ইংল্যান্ড। পাকিস্তানেরও টানা ১৫ ম্যাচ জয়ের নজির আছে জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে টানা জয়ের রেকর্ডটির মালিক এখন যৌথভাবে ইংল্যান্ড ও পাকিস্তান।
বাটলার শেষ পর্যন্ত ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন, যে ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। ইংল্যান্ডের বেকার হন ম্যাচসেরা। আর সিরিজসেরা নির্বাচিত হন একই দলের ব্রুক, যিনি মোট ১৭০ রান করেন।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।