ছবিঃ সংগৃহীত
বলিউড তারকা সালমান খান এবার মুখ খুলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে চলা সমালোচনার বিরুদ্ধে। সন্তান জন্মের পর ওজন বাড়ায় ক্যাটরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নানা মন্তব্যের শিকার হচ্ছিলেন। সালমানের বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটদুনিয়ায় তার প্রশংসার জোয়ার বইছে।
ক্যাটরিনার প্রসঙ্গ সালমান তোলেন ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে। তিনি বলেন, সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। গর্ভাবস্থার পরে একজন নারীর শরীরে যে পরিবর্তন আসে, তা নিয়ে তাকে ট্রল করার কারণ নেই। সিনেমায় আবার যখন ফিরবেন, ক্যাটরিনা তখন নিজের মতো করে ফিট হয়েই ফিরবেন। এই মুহূর্তে তার জন্য পরিবারকে সময় দেওয়াই গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আবার নতুন আলোচনার সূত্রপাত হয়। অনেকে অভিনেতার প্রশংসা করতে গিয়ে জেন-জিদের মধ্যে জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করেন; আবার কেউ কেউ তাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ আখ্যাও দেন।
সালমান কেবল ক্যাটরিনার শারীরিক পরিবর্তন ঘিরে ট্রলের বিষয়েই থেমে থাকেননি; তারকাদের নিয়ে অনলাইনে যে নানা রকম কটাক্ষ করা হয়, সে প্রসঙ্গেও কথা বলেন। মন্তব্য করেন নিজের বয়স সম্পর্কেও। ৬০ বছর বয়সের প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সময়ের মতো সব সময় থাকা যায় না।
এক পর্যায়ে সালমান ক্যামেরার সামনেই টুপি ও শার্ট খুলে ফেলেন, মেকআপও মুছে নেন; ট্রলকারীদের উদ্দেশে এভাবে নিজের স্বাভাবিক চেহারা দেখান তিনি। পাপারাজ্জিরাও তার সমালোচনার মুখে পড়েন—অভিনেত্রীদের শরীরের নানা অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার কারণে।
বলিউডে একসময় সালমান-ক্যাটরিনার সম্পর্ক ছিল ব্যাপক আলোচনার বিষয়। সেই সম্পর্ক পরে শেষ হয়ে যায়। তারপর ক্যাটরিনা সম্পর্কে জড়ান অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে; তাদের বিয়ে হয় ২০২১ সালে। এই দম্পতি প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন গত নভেম্বরে।