বাড়িতে ডিবির অভিযান: একনলা বন্দুক-গুলি আর ২০০ ইয়াবাসহ ধরা পড়লেন ইয়াসিন
ছবিঃ সংগৃহীত
নিজের বাড়ি থেকেই জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছেন ইয়াসিন সরদার (৩২)। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ইয়াসিনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইয়াসিন একই গ্রামের আলকেস সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদ মুন্সি জানান, গোপন খবর পেয়ে খাসকান্দিতে অভিযানে গিয়ে ইয়াসিন সরদারকে গ্রেপ্তার করা হয়। তখনই তাঁর কাছ থেকে একনলা বন্দুকটি, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদকসহ নানা অভিযোগে ইয়াসিনের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি মামলা আছে।
এসআই রাশেদ মুন্সি আরও বলেন, নতুন এই ঘটনায় সদর থানায় ইয়াসিনের বিরুদ্ধে আলাদা মামলা করার প্রক্রিয়া চলছে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র — মূল প্রতিবেদন: আজকের পত্রিকা