হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু ও স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান, খোঁজ নিলেন রিজভী-জাহিদ
ছবিঃ সংগৃহীত
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সরকারের দুই মন্ত্রীর খোঁজ নিতে আজ বৃহস্পতিবার দুই হাসপাতালে গেছেন বিএনপির দুই নেতা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান—দুজনই দলের জ্যেষ্ঠ নেতা। মিনুকে রাজশাহী থেকে ঢাকায় এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বুকে ব্যথা নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) ভর্তি হন মঈন খান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আজ দুপুরে পিজি হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খবর নেন। একই দিন বেলা ২টার দিকে এভারকেয়ারে গিয়ে ড. আব্দুল মঈন খানকে দেখে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এসব তথ্য দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খানের ভাষ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গতকাল বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সেখান থেকে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে আনা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গতকাল রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে সিসিইউতে ভর্তি করা হয়।
দুই নেতার দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সূত্র — মূল প্রতিবেদন: আজকের পত্রিকা