ছবিঃ সংগৃহীত
আগামী ২৬ অক্টোবর থেকে ইউটিউবে প্রচার শুরু হচ্ছে মিনি সিরিজ ‘মায়ার সংসার’। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি। রাজধানী ঢাকার একটি একান্নবর্তী পরিবারের টানাপোড়েন নিয়ে তৈরি সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক।
গল্পের কেন্দ্রে একটি পরিবার—মা-বাবা, তিন সন্তান আর অন্য সদস্যরা। বাবা অবসর নেওয়া স্কুলশিক্ষক। দুই ছেলে একই সংসারে থাকলেও মা-বাবার খরচ চালায় না।
পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। একসময় মা-বাবার জন্য লড়াইয়ে নামে সে-ই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমাওয়ালার ব্যানারে প্রযোজনা করছেন নাট্য নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘একটি পরিবারের গল্প দেখা যাবে সিরিজটিতে। যেখানে মনোমালিন্য আছে, সংগ্রাম আছে, আছে নীতির গল্প। দর্শকের ভালো লাগবে।’
পরিবারের মেয়ের ভূমিকায় আছেন সামিরা খান মাহি। তাঁর কথায়, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে। নাটকটিতে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার বিশ্বাস, মায়ার সংসার সবাই পছন্দ করবে।’
মাহি অভিনীত আরেক মিনি সিরিজ ‘কর্মফল’-এর প্রচার সম্প্রতি শেষ হয়েছে; সেটিও পারিবারিক গল্পের। ইদানীং নাটকে পারিবারিক গল্প প্রাধান্য পাওয়া নিয়ে মাহি বলেন, ‘পারিবারিক গল্পগুলো দর্শক নিজেদের সঙ্গে রিলেট করতে পারে। এখানে একজনকে কেন্দ্র করে গল্প তৈরি হয় না। প্রতিটি চরিত্রের গুরুত্ব থাকে। অনেক শিল্পীর সঙ্গে কাজ করা যায়। ফলে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে। আর নিজেরও এ ধরনের নাটকের প্রতি আগ্রহ বেশি। এখন দর্শকও পছন্দ করছে। সব মিলিয়ে আমি খুব খুশি।’
সূত্র — মূল প্রতিবেদন: আজকের পত্রিকা