রুয়েটে দিনব্যাপী উৎসবমুখর ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’
ছবিঃ সংগৃহীত
৩ অক্টোবর দিনভর উৎসবমুখর ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাঙ্গণ। সেদিন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’, যেখানে প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতার সমন্বয় ঘটে।
কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০-এর আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালি দিয়ে। ক্যাম্পাস প্রদক্ষিণ করা এই র্যালিতে অংশ নেন বিইসিএম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও সংশ্লিষ্টরা। পরে কার্নিভালের আয়োজন এগোয় দিনব্যাপী নানা প্রতিযোগিতা, প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রমের মধ্য দিয়ে।
প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনার বিভিন্ন বাস্তবভিত্তিক ক্ষেত্র ঘিরে আয়োজিত পাঁচটি প্রতিযোগিতাই ছিল এ বছরের কনস্ট্রাক্ট কার্নিভালের মূল আকর্ষণ। প্রতিযোগিতাগুলো হলো CAD Expert, Management Maestro, Poster Presentation, Mechamind এবং Truss Combat। এগুলোর প্রতিটিতে শিক্ষার্থীরা নিজেদের কারিগরি জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা, ব্যবস্থাপনা দক্ষতা ও বাস্তব প্রকৌশল প্রয়োগের দক্ষতা যাচাই এবং বিকাশের সুযোগ পান।
আয়োজকদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করাই একজন প্রকৌশল শিক্ষার্থীর জন্য যথেষ্ট নয়; সেই জ্ঞান বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এমন বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান কনস্ট্রাক্ট কার্নিভালের প্রতিযোগিতাগুলোতে। পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা, দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা ও সৃজনশীল উপায়ে সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতেও আয়োজনটির ভূমিকা আছে।