
শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর আলু, কালাইয়ে ক্লাস না করেই বাড়ি ফিরছে শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত
মেঝেজুড়ে বিছিয়ে রাখা আলু, পাশে ঘুরছে ফ্যান—জয়পুরহাটের কালাই উপজেলার জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের এমন দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, এক সপ্তাহ ধরে কক্ষটিতে আলু মজুত রাখা হয়েছে।
জানা গেছে, এর জেরে সপ্তাহখানেক ধরে ওই কক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।
অভিভাবকেরা বলছেন, বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হামিদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলামকে জানিয়েই ঘরটি ব্যবহার করেছেন। অথচ বসার ঘর না পেয়ে শিক্ষার্থীদের ক্লাস না করেই বাড়ির পথ ধরতে হয়েছে।
সরেজমিনে গিয়ে বিদ্যালয়টি কালীপূজার ছুটিতে বন্ধ পাওয়া যায়। মাঠের পাশের ভবনের একটি পাকা কক্ষে হিমাগার থেকে তুলে আনা আলু মেঝেতে শুকাতে দেওয়া, কিছু আলু রয়েছে বস্তায়। বাইরে দাঁড়িয়েও ফ্যানের শব্দ কানে আসে। শিক্ষার্থীদের বেঞ্চ, হাই বেঞ্চ আর শিক্ষকের টেবিল-চেয়ার ঠেলে রাখা হয়েছে একপাশে। ক্লাস নেওয়ার মতো অবস্থায় নেই কক্ষটি।
এলাকাবাসীর ভাষ্য, ঘটনাটি নতুন নয়। এর আগে ওই নৈশপ্রহরী ধানও রেখেছিলেন। যে ফসলই ঘরে উঠুক, বিদ্যালয়ের কক্ষগুলো তিনি নিজের বাড়ির মতো কাজে লাগান, কখনো কখনো মাসের পর মাস। আলু সরানো না হওয়ায় নিয়মিত ক্লাস হচ্ছে না বলেও জানান তাঁরা।
স্কুলছাত্রী সোমাইয়া খাতুনের কথায়, ‘আমরা স্কুলে আসি কিন্তু ক্লাস হয় না। হাজিরা দিয়ে বাজারের মধ্যে হইচই করে দুপুর হলে আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।’
নাম প্রকাশ করতে চাননি এমন কয়েকজন শিক্ষক বলেন, ‘কার অনুমতি নিয়ে নৈশপ্রহরী শ্রেণিকক্ষে আলু রাখল, আবার ফ্যান ছেড়ে আলু শুকাল, এটা সঠিকভাবে তদন্ত করলেই বুঝতে পারবেন। শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না, তারা ঘুরে চলে যাচ্ছে। প্রধান শিক্ষক তো কিছুই বলে না, আমাদের কী করার আছে।’
অভিযুক্ত নৈশপ্রহরী আব্দুল হামিদের বক্তব্য, ‘আমার বাড়িতে জায়গা না থাকায় আলুগুলো স্কুলের ঘরে রাখা হয়েছে। প্রধান শিক্ষককে বলে আলু রেখেছি। একদিন পর সে আলুগুলো নিয়ে গেছি।’
প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সৈয়দ রবিউল ইসলামের ভাষ্য, ‘আসলে কী বলব, আমাকে না বলেই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরে সে আলুগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয় আমার জানা নেই।’
বক্তব্য জানতে উপজেলা শিক্ষা অফিসার মোছা. মোর্শেদা খাতুনের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি, বরং কয়েকবার কল কেটে দেন। আজ বেলা ৩টা ৩৪ মিনিটে সর্বশেষ চেষ্টাতেও সাড়া মেলেনি। তাই তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
পরে কথা হয় উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সঙ্গে। ফেসবুকে ভিডিও ছাড়ার বিষয়টি তাঁর জানা নেই জানিয়ে তিনি বলেন, তবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন
