ছবিঃ সংগৃহীত
চলতি বছরের ২২ ডিসেম্বর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের যে তারিখ ঠিক ছিল, তা আবার বদলেছে দক্ষিণ সুদান। দেশটির ইতিহাসে প্রথম এই ভোট হবে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি।
শনিবার নতুন তারিখ জানালেও কেন ভোট পেছানো হলো, সে বিষয়ে কিছু বলেনি দেশটির নির্বাচন কমিশন।
২০১১ সালে সুদান থেকে স্বাধীন হয় দক্ষিণ সুদান, যা বিশ্বের সবচেয়ে নবীন রাষ্ট্র। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সেখানে অন্তত চার লাখ মানুষ মারা যান। ২০১৮ সালের শান্তিচুক্তিতে যুদ্ধ থামলেও সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতা কাটেনি। ২০২২ সালে ভোট আয়োজনের পরিকল্পনা হওয়ার পর থেকে অন্তত তিনবার তা পিছিয়েছে।
গত সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক প্রশাসন গড়েন প্রেসিডেন্ট সালভা কির। এতে স্থায়ী সংবিধান তৈরি ও জাতীয় আদমশুমারি ছাড়াই নির্বাচনের দিকে এগোনোর পথ খোলে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, এর ফলে ক্ষমতা ভাগাভাগির কাঠামো দুর্বল হয়েছে, কিরের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে কিরের সরকারি বাহিনী আর আটক সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষও বেড়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান গ্যাব্রিয়েল বোল ডেং জানান, ভোটার নিবন্ধন চলবে ১৪ থেকে ২৮ নভেম্বর। এ জন্য সারা দেশে বসানো হয়েছে ৩ হাজার ১৬১টি নিবন্ধনকেন্দ্র, নিয়োগ পেয়েছেন ২২ হাজারের বেশি কর্মী।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ সুদানের প্রায় দেড় কোটি মানুষের ৯০ শতাংশের হাতেই রাষ্ট্রস্বীকৃত পরিচয়পত্র নেই। ভোটার হিসেবে নিবন্ধনের জন্য তাঁদের পরিচয় স্থানীয় নেতাদের মাধ্যমে নিশ্চিত করে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।
প্রেক্ষাপট
জাতিসংঘের জেনেভা কার্যালয়ের ২০২৪ সালের নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশটির পক্ষগুলো নির্বাচন ২০২৬ সালের ডিসেম্বরে পিছিয়ে নেওয়ার ঘোষণা দেয়; শান্তিচুক্তির আওতায় অন্তর্বর্তী মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।
সূত্র: আল-জাজিরা
সূত্র
প্রেক্ষাপট সূত্র: ইউএন জেনেভা, নভেম্বর ২০২৪

