
৩৫ সংগঠনের সাইকেল র্যালি: দায়ী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবি
ছবিঃ সংগৃহীত
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ আর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র্যালি হয়েছে। ‘জলবায়ু ন্যায্যতার জন্য বৈশ্বিক কর্মসপ্তাহ’-এর অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশসহ ৩৫টি সংগঠন। ধরার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সংহতি বক্তব্যে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চলে সাইকেল র্যালি। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণাপ্রধান ইকবাল ফারুক; বিশেষ অতিথি বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।
ঢাকা সাইক্লিং কমিউনিটির সভাপতি তাওহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মনজুর হোসেন ঈসাসহ পরিবেশকর্মী, তরুণ ও সাইক্লিস্টরাও আয়োজনে যোগ দেন।
বক্তারা বলেন, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে যেসব দেশ দায়ী, তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা আর অভিযোজনে ন্যায়সংগত ও জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়াও জরুরি বলে মত দেন তাঁরা।
